খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ার ঘের ব্যবসায়ীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবননাশের হুমকি

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডুমুরিয়ার এক মৎস্য ঘের ব্যবসায়ীকে ডাকযোগে  চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ইতোপূর্বে ওই ব্যবসায়ীকে ডুমুরিয়া এলাকায় প্রকাশ্যে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। 
থানা পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা গেছে, খুলনা নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা ও মৎস্য ঘের ব্যবসায়ী আলমগীর কবির পাভেলকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডাকযোগে হত্যার হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়েছে। গত ৩১ মার্চ ডাকযোগে তার নগরীর গোবরচাকা এলাকার ঠিকানায় এ চিঠি পাঠানো হয়। চিঠিতে লেখা রয়েছে, “আগের দিন বেঁচে গেছিস। তোর কিন্তু নিস্তার নাই। কিন্তু শেষ একটা সুযোগ পেয়ে গেলি। কাফনের কাপড় আগে পাঠালাম, কারণ পরের বার সময় পাবি না। কাপড় দেখ আর দিন গুণতে থাক। তোর ব্যবসা প্রতিষ্ঠানও থাকবে না, তুইও থাকবি না”। চিঠির খামে প্রেরক হিসেবে লেখা রয়েছে ‘সুনিল মন্ডল’। 
ব্যবসায়ী আলমগীর কবির পাভেল জানান, দীর্ঘদিন যাবৎ তিনি ডুমুরিয়ার কাকমারী এলাকায় মৎস্য ঘের ব্যবসা করে আসছেন। এছাড়া খুলনা নগরীতেও তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৯ ফেব্র“য়ারি সকালে মৎস্য ঘেরের জন্যে ডুমুরিয়া কলেজের পাশে বাঁশ বিক্রি কেন্দ্রে বাঁশ কেনার জন্যে এলে অজ্ঞাত পরিচয়ের ৪/৫ ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে অতর্কিতভাবে তাকে মারপিট এবং তার কাছে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে একটি কুচক্রী মহল তার ব্যবসায়িক ক্ষতিসহ নানাবিধ হুমকি-ধামকি দিয়ে আসছে। ওই মহলটি অজ্ঞাত নামা ব্যক্তিদের দিয়ে তার টাকা ছিনতাই এবং ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দিচ্ছে বলে তিনি ধারণা করছেন। সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার এস আই বিপন খান জানান, অভিযোগটি তদন্ত শেষে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ