খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত

অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরে সাতক্ষীরায় উদযাপিত হবে বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৭ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবার সাতক্ষীরায় উদযাপিত হবে বাংলা নববর্ষ-১৪৩৩। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবল প্রমুখ। 
সভায় সিদ্ধান্ত হয় পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। পরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গান আয়োজন করা হবে। পাশাপাশি শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বা নির্দিষ্ট ভেন্যুতে লোকজ মেলা বা বৈশাখী মেলার আয়োজন করা হবে। নববর্ষ উদযাপন নির্বিঘেœ করতে শহরজুড়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সাদা পোশাকে পুলিশ মাঠে নিয়োজিত থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রাতরাশে পান্তা-ইলিশ বা দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।
জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশু একাডেমির মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ১লা বৈশাখে জাতীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এছাড়াও, বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিবে। সভায় বিভিন্ন সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংষ্কৃতিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ