খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৪ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যুর ঘটনায় ধাক্কা দেওয়া প্রাইভেটকার উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন। পরবর্তীতে ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে নগর আ’লীগের শীর্ষ নেতার বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি নীল রঙের টয়োটা (রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭) উদ্ধার করে জব্দ করা হয়। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রাইভেটকারটির চালক মোঃ আহাদ শেখ সৈকত (২৬) কে খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ