খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

দিঘলিয়ায় নবাগত ইউএনও সুজন দাশগুপ্তের দায়িত্ব গ্রহণ

দিঘলিয়া প্রতিনিধি |
০৪:৫৫ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


খুলনার দিঘলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। তিনি আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া উপজেলা প্রশাসনে যোগদান করেছেন।

নবনিযুক্ত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

এর আগে সুজন দাশ গুপ্ত খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই অভিজ্ঞতা দিঘলিয়া উপজেলায় দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যোগদানের দিন উপজেলা পরিষদ চত্বরে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা স্কাউটস এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার আগমনে দিঘলিয়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনও স্থানীয় সমস্যা সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এসময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওর সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে দিঘলিয়া উপজেলা একটি আধুনিক ও সেবামুখী প্রশাসনিক মডেলে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা খুলনা জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত। কৃষি, মৎস্য এবং নদীভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল এ অঞ্চলের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে সেই উন্নয়ন ধারায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রিন্ট

আরও সংবাদ