খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩১ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে।

এনএসসির তদন্ত কমিটি জানিয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর বানানো হয়েছে।

বর্তমান কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রস্তাব করেছে এনএসসি।

আজ (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও আইসিসিতে পাঠানো হয়েছে।

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, 'আপনারা জানেন, এনএসসি বাংলাদেশের সকল ক্রীড়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং সেখানে যদি কোনো অনিয়ম দেখ যায়, সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে।'

তিনি বলেন, '২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১–এ ক্ষমতা দেয়া হয়েছে অ্যাডহক কমিটি নিয়োগ বা ইত্যাদি। আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, পরিষদ বা জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি বা যে নামেই অবিহিত হোক না কেনো, যথাযথভাবে দায়িত্ব পালন করছে না, বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হলে উক্ত নির্বাহী কমিটি ভেঙে দিতে পারবে এবং প্রয়োজনে একটি অ্যাডহক কমিটি নিয়োগ করতে পারবে।'  

তিনি জানান, এনএসসি গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উপনীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে দুর্বলতা ও অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে একটি ইমেইল পাঠিয়েছে। সেখানেই কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারেও জানানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ