খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

খুলনায় সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবক বিদেশী পিস্তলসহ আটক

নিজস্ব প্রতিবেদক |
১১:১২ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬

 

খুলনা মহানগরীতে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুই যুবককে বিদেশী পিস্তলসহ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা ও রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে SAS TV 24 এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহারের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট

আরও সংবাদ