খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

ঘের দখল চেষ্টায় হামলা

কয়রায় মামলা করায় হুমকি ও মিথ্যা মামলার প্রতিকার দাবি

কয়রা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


কয়রায় ঘের দখল চেষ্টায় হামলা করে জখমের ঘটনায় মামলা হওয়ায় ভুক্তভোগীদের উল্টো হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। শুধু তাই নয়, ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কয়রা তেঁতুলতলা গ্রামের মোঃ মুঞ্জুরুল গাজীর স্ত্রী মোছাঃ সেলিনা এ অভিযোগ করেন। 
তিনি বলেন, তার বাবা আশরাফ আলী গাজী (৭৮) মঠবাড়ী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন মঠবাড়ী মৌজায় ১৫ বিঘা জমিতে ঘের ব্যবসা করে আসছেন। গত ৩১ মার্চও তার বাবা, কাকা মসলেম গাজী, কওছার গাজী, সামাদ গাজী ও রহিম গাজী মৎস্য ঘেরে কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে ঘেরটি দখলের জন্য তরুণ দলের নেতা পরিচয়দানকারী ও সুন্দরবনের বনদস্যুদের ঠিকাদার হিসেবে পরিচিত আজিজুল ইসলাম আজুর নেতৃত্বে তাদের ওপর হামলা ও লুটপাট করে। তাদের হামলায় বৃদ্ধ বাবা-চাচা গুরুতর আহত হন। তাদের ওপর ধারালো দা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, লোহার হাতুড়ি কোদাল, কুড়াল, লাঠিসোঠা নিয়ে হামলা চালানো হয়। কুপিয়ে জখম করা হয়। আহতরা গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি গত ৪ এপ্রিল মঠবাড়ির রবিউল ইসলাম (২৫), মফিজুল ইসলাম (২৮), আসাদুল ইসলাম (৩২), মহারাজপুরের মামুন ঢালী (৩৭), হাসান ঢালী (৩২), বিল্লাল গাজী (২৮), ইব্রাহিম সানা (১৫), ৪নং কয়রা, আব্দুল্লাহ (২৫), আলাউদ্দিন ঢালী (৩৭), আলামিন ঢালী (৪০), ইমন গাজী (২৯), শাহিন সানা (৩০), মিঠুন গাজী (২১), মেহেদী ঢালী (২৫), ইয়াছিন গাজী (৩৫)সহ অজ্ঞাতনামা ১০/১২ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। যাদের অধিকাংশই বিগত আওয়ামী লীগের দোসর। কিন্তু আজু ও তার সহযোগীরা এখন বিএনপি’র পরিচয় দিয়ে উল্টো মামলা দায়ের ও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ফলে ভুক্তভোগীরা পালিয়ে বেড়াচ্ছে। 
সেলিনা আরো বলেন, এই হামলাকারীরা অধিকাংশই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তারা এখন রঙ পাল্টিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। শুধু তাই নয়, এই আজু ও তার লোকদের ভয়ে কয়রা এলাকার মানুষ এখন কথা বলতে পারছেন না। তরুণ দলের নাম ব্যবহার করে নিজস্ব কার্যালয় খুলে নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের কাছে এই অন্যায় ঘটনার বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ