খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

পাটকেলঘাটা থেকে তালা শালিখা কলেজ পর্যন্ত ২০ কি: রাস্তা খানা খন্দে ভরা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে আশাশুনি ও পাইকগাছা সীমান্ত শালিখা কলেজ পর্যন্ত দীর্ঘ ২০ কি: মি: রাস্তা খানা খন্দে ভরা। যানবাহনগুলি চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। এ নিয়ে এর আগেও বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হলেও কর্তৃপক্ষের টনক নড়ছেনা। কোন স্থানে ১০ হাত রাস্তাও ভালো নেই। 
জানা গেছে, ২০০০ সালের দিকে এই রাস্তা ছিল কাঁচা মাটি। ২০০১ সালে সংসদ নির্বাচনে তালা কলারোয়া আসন থেকে বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রথমে পাটকেলঘাটা থেকে শালিখা মুড়াগাছা পর্যন্ত ২০ কি: মি: রাস্তার টেন্ডার পাশ করে আনেন। ২০০৩ সালের দিকে কাঁচা মাটির রাস্তা পিচ ঢালাইকরণ করে উন্নিতকরন করা হয়। স্থানীয়দের ভাষ্য দীর্ঘ ২২ বছরের মধ্যে কত এমপি এই তালা কলারোয়ায় রদ বদল হয়েছে কিন্তু এই রাস্তার কোন রদবদল হয়নি। ২০ কি: মি: রাস্তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে প্রায় ২০টির মত। কলেজ রয়েছে ২টি। কোমলমতি ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে বাইসাইকেল যোগে যাতায়াত করে অতি কষ্টে। এছাড়া মটরভ্যান, ইঞ্জিন ভ্যান, আলম সাধু, ইজিবাইক, মটরসাইকেল চালকরা যাত্রী নিয়ে চলাচল করছে ঝুঁকির সাথে। মাঝে মধ্যে যানবহনের এক্সেল ভেঙে, টায়ার ছিড়ে রাস্তার মাঝখানে চালক মাথায় হাত দিয়ে চিন্তায় ভেঙ্গে পড়ে।
দক্ষিণ অঞ্চলের পাইকগাছা, আশাশুনি, তালা মুড়াগাছা, হরিহরনগর, বাকা বাজারের বড় বড় ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ার জন্য আসতে হয় পাটকেলঘাটায়। এছাড়া দৈনিক হাজার যাত্রীর চলাচলের একমাত্র এই রাস্তা। ২০ কি: মি: রাস্তার মধ্যে ছোট খাট ৮টি বাজার রয়েছে। বলরামপুর, মাগুরা, জেঠুয়া, শ্রীমন্তকাটি, একচড়ের বাজার, মুড়াগাছা ও হরিহরনগরের বাজার। এই ২২ বছরের মধ্যে রাস্তার পিচ খোয়া উঠে গিয়ে হয়েছে বড় বড় গর্ত। রাস্তাটি সংস্কারের জন্য তালার উপ-সহকারী প্রকৌশলী মামুন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইসলামকাটি থেকে মাগুরা পর্যন্ত রাস্তার মাপ হয়েছে, অতি দ্রুত কাজ শুরু হবে। এছাড়া আরও ৮টি রাস্তার বাজেট হয়েছে, খুব দ্রুত সেগুলোর দিকেও আমরা অগ্রসর হব। 
 

প্রিন্ট

আরও সংবাদ