খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৩ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


উড়ে আসা বলের নাগাল লাফিয়ে ঠিকই পেলেন মিলি আক্তার, কিন্তু বল তার গ্লাভস গলে গেল বেরিয়ে। দ্রুত বাম পা চালিয়ে তা জালে জড়িয়ে দিলেন থি থুই লিনহ। এই গোলই আগলে রেখে, বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল ভিয়েতনাম। থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্র“পে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ।
‘এ’ গ্র“প থেকে কোয়ার্টার-ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। ঝুলে ছিল বাংলাদেশ ও ভিয়েতনাম। থাইল্যান্ড (৩-২) ও চীনের (২-০) বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশের টিকে থাকতে হলে ভিয়েতনামের বিপক্ষে অন্তত হার এড়াতে হতো, কিন্তু তা পারল না দল। টানা তিন হারে গ্র“প টেবিলের তলানিতে থেকে আসর শেষ করল বাংলাদেশ। গ্র“পের তৃতীয় হওয়া তিন দলের সেরা দু’টির একটি হতে জয় দরকার ছিল ভিয়েতনামের, বাংলাদেশকে হারিয়ে সে সম্ভাবনা বাঁচিয়ে রাখল তারা।
শুরু থেকে জমে ওঠে লড়াইয়ে। ম্যাচে প্রথম ভালো সুযোগটি পায় বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন সাগরিকা। থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ড চে া করেছিলেন চিপ শটে জাল খুঁজে নিতে, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় গ্লাভসে জমান লি থি থু। ২৬তম মিনিটে আবারও থ্রু পাস ধরতে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে পড়েছিলেন সাগরিকা, কিন্তু বলের গতির সাথে তাল মেলাতে পারেনি। বলে চলে যায় গোলকিপারের কাছে। বাংলাদেশের আক্রমণ সামলে ভিয়েতনামও শেষ দিকে চাপ বাড়াতে থাকে। ২৯তম মিনিটে বক্সের ভেতর থেকে এনগান থি থানের শট ক্রসবারের অনেক উপর দিয়ে বেরিয়ে যায়। লক্ষে থাকলে বিপদে পড়তে পারত বাংলাদেশ। ৩৩তম মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণে হানা দেয় ভিয়েতনাম, কিন্তু মাঝ মাঠ থেকে উড়ে আসা লং পাসের নাগাল প্রতিপক্ষ পাওয়ার আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন মিলি আক্তার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই থি থুই লিনহ’র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। ৫৩তম মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়েও শট নিতে পারেননি উমহেলা মারমা। ডিফেন্ডারের বডি ট্যাকলে বক্সে বল হারান তিনি। ৮৬তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রসে থি থুই লিনের হেড অল্পের জন্য পোস্টের বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। এ নিয়ে উইমেন’স এশিয়ান কাপের মতো বয়সভিত্তিক এশিয়ান কাপেও একই দশা হলো বাংলাদেশের। প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের সবগুলো হেরে গ্র“প পর্ব থেকে বিদায় নিয়েছিল বাটলারের দল।
 

প্রিন্ট

আরও সংবাদ