খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

সুন্দরবনের বনদস্যুদের গুলিতে জেলে আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান গাজী (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুলি­ খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত আতিয়ার রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার আলী গাজীর ছেলে।
জেলেরা জানান, সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান গাজী আমাদের অফিসে আসেন। দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদুর রহমান বলেন, আমরা বনদস্য নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সকলের সাথে কথা হচ্ছে, দ্রুত যৌথ অভিযান চালানো হবে। আহত জেলের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ