খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

ইরানে পারমাণবিক হামলা নিয়ে যা জানালো হোয়াইট হাউস

খবর প্রতিবেদন |
১২:৫৪ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬

 

ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের সময় যত ঘনিয়ে আসছে, তত হুমকি বাড়ছে। এরই মধ্যে ‘পারমাণবিক বোমা’ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস।

বিতর্কের সূত্রপাত হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি গণমাধ্যমে বলেছিলেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখনও ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে, তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।

তার এমন মন্তব্যের পরপরই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত নেই। পরে আরও বলা হয়, ইরান ইস্যুতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়া হবে, তা শুধু প্রেসিডেন্টই জানেন।

সময়সীমা ঘনিয়ে এলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে কি-না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান শর্ত মানবে- এমন আশা কম। তবে কিছু অগ্রগতির ইঙ্গিতও পাওয়া গেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যদিও নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হওয়া এখনও কঠিন।

বর্তমানে পাকিস্তানে এই আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম। সেখানে শেষ মুহূর্তে একটি শান্তি প্রস্তাব তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সর্তক করে বলেছেন, ‘হরমুজ প্রণালি খোলার জন্য তার দেয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না।’

এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলছে।

প্রিন্ট

আরও সংবাদ