খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

কয়রায় নদীতে নৌকাডুবি ২ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


আকস্মিক ঝড়ে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীতে মাঝখানে মাছ ধরার নৌকাডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, আজ (৭ এপ্রিল মঙ্গলবার) বিকেলে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে শুনলাম। জোড়শিংয়ে আমাদের গাড়ি নিয়ে যাতায়াত করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন অথবা জনপ্রতিনিধি যদি যাতায়াতের বোর্ড সংগ্রহ করে দেন তাহলে যাওয়া সম্ভব। এছাড়া অভিযান পরিচালনা করতে হলে ট্রলার সংগ্রহের পাশাপাশি খুলনা থেকে ডুবুরি আনতে হবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, দুপুরে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী দুই জন এখনও নিখোঁজ রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিন জেলে। বিকালে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন উঠে এলেও বাকি দুই জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ