খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, প্রশ্নবিদ্ধ জনতার বিচার

অভয়নগর প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


যশোরের অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার ব্যালোকাঠি গড়ভাঙা গ্রামের আনছার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরির সন্দেহে এলাকাবাসী ওই যুবককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফারুক। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্রে আরও জানা গেছে, ফারুক অতীতে একাধিকবার চুরির অভিযোগে ধরা পড়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগে মারধরের শিকার হন তিনি। একসময় তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন, কিন্তু মানসিক সমস্যার কারণে চাকরি হারান।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ