খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৫:৫৪ পি.এম | ০৮ এপ্রিল ২০২৬

 

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

গত রোববার থেকে তিনি একই মামলায় রিমান্ডে ছিলেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ নিয়ে তৃতীয় দফায় তার রিমান্ড চেয়েছে পুলিশ।

রিমান্ডের যুক্তি তুলে ধরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তাকে এ মামলায় তদন্ত স্বার্থে আরও তথ্য বের করার জন্য চার দিনের রিমান্ডের প্রার্থনা করছি।

আফজাল নাছেরের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে একটি পুরস্কার পাওয়া ছাড়া আর কোনো সুবিধা নেয়নি আফজাল নাছের। শুধু নাম ছাড়া এ মামলায় তার বিরুদ্ধে কিছু নেই। ইতোমধ্যে তিন দিনের রিমান্ড হয়েছে। যদি আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

প্রিন্ট

আরও সংবাদ