খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

খুলনা বেতারের সংস্কার ও পূর্ণাঙ্গ সম্প্রচারের দাবি শিল্পীদের

নিজস্ব প্রতিবেদক |
০৬:০৫ পি.এম | ০৮ এপ্রিল ২০২৬


খুলনা বেতারে পরীক্ষামূলক সম্প্রচারের নামে সীমিত সময় অনুষ্ঠান প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীরা। তাদের অভিযোগ, এতে বেতারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২ হাজার ৩০০ শিল্পী ও কলাকুশলী কাজের সুযোগ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বুধবার স্থানীয় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরে ‘খুলনা বেতার শিল্পী সারথী’ সংগঠন।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন। তিনি বলেন, কর্তৃপক্ষ বাজেট সংকটের অজুহাত দিলেও কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। অথচ অনুষ্ঠানমালা সীমিত রেখে একটি অপচেষ্টা চালানো হচ্ছে, যা শিল্পীদের জন্য ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালের ৫ ও ৬ আগস্ট অগ্নিকাণ্ডে খুলনা বেতার কেন্দ্রের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ, আর্কাইভ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ সম্প্রচার চালু হয়নি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ বেতার কেন্দ্রটি দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমান পরিস্থিতিতে তা স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

সংগঠনের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাকি, সংগীতশিল্পী মাজেদ জাহাঙ্গীর, নাট্যশিল্পী শেখ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা দ্রুত সংস্কার, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও পূর্ণাঙ্গ অনুষ্ঠান সম্প্রচার চালুর দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ