খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

নিজেদের জমি দাবি ক্ষতিগ্রস্ত অনেকের

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাইকগাছা প্রতিনিধি |
০১:০৮ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাউবো কর্তৃপক্ষ তাদের জায়গায় বসবাসরত ১০/১৫টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন তাদের সীমানা প্রাচীরের ভিতরে অনেকগুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। 
এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের কোন নোটিশ না দিয়ে া উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫,১৪৬ এবং ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও  রবীন্দ্রনাথ সানাসহ আমাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে। তিনি বলেন জমির দাখিলা পরিশোধসহ আমাদের নামে রেকর্ড রয়েছে। এছাড়া নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। তবে এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ