খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

দৌলতপুরে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |
০২:১৪ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুহসিন মোড় এলাকায় যশোর-খুলনা মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি ট্রাক সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটি আটক করে। পরে ট্রাকের কেবিনে থাকা দুইজনকে আটক করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সুমন মিনা (৩০), পশ্চিম সেনপাড়া, দৌলতপুর এবং ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪), মানিকতলা মেইন রোড, দৌলতপুর। 
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের পেছনে রাখা কাঠের বাক্স ও সিটের নিচ থেকে মোট ৯টি প্যাকেটে ২২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এছাড়া ৩৭৫ মিলিলিটারের ২ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের বিদেশি মদও উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩ হাজার টাকা। ঘটনার খবর পেয়ে দৌলতপুর জোনের সহকারী কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং জব্দকৃত আলামত জব্দ করেন। 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ