খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

নগরীতে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম

নিজস্ব প্রতিবেদক |
০২:১৫ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় সন্ত্রাসীরা মোঃ মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম করেছে। ভিকটিম সেখানকার মুক্তা মেশিনারিজ নামের একটি যন্ত্রাংশের দোকানের মালিক। বুধবার বিকেল ৪টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন। 
পুলিশ জানায়, মিজানুর তার দোকানে বসে ছিলেন। হঠাৎ ৫/৬টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তার উপর হামলে পড়ে। তাদের এলোপাতাড়ি হাতুড়িপেটায় মিজানুরের মাথায়, পায়েসহ বিভিন্ন স্থানে জখম হয়েছে। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। 
সূত্রমতে, আহত ব্যক্তির সাথে তার ভগ্নিপতি খোকনের পারিবারিক ভাবে বিরোধ চলছিল। এর জের ধরে মিজানুরের পিতা শাহজাহান লবণচরা থানায় খোকনের বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। এসব ঘটনাকে কেন্দ্র করে খোকনের সহযোগীরা এ হামলা চালায়। খোকন একটি সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য।   
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম সময়ের খবরকে বলেন, মৌখিকভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে কেউ লিখিত অভিযোগ জানাতে আসেননি।

প্রিন্ট

আরও সংবাদ