খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় ভোজ্য তেল মজুদ রেখে মূল্য বৃদ্ধির অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৬ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম বাজার দর বৃদ্ধির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী,  র্যাব এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 
অভিযানকালে যৌথ বাহিনীর সদস্যরা শহরের সুলতানপুর  বড়বাজারের মেসার্স হাজী ট্রেডার্সে ৪২১ ব্যারেল ও মেসার্স সাধু স্টোরে ২০৪ ব্যারেল ভোজ্য তেল মজুদ দেখতে পায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স হাজী স্টোরকে ২০ হাজার এবং মেসার্স সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মজুদ বিপুল পরিমাণ ভোজ্য তেল দ্রুত বাজারজাত করার নির্দেশনা দেন।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জায়েন উদ্দিন মুহাম্মদ যিয়াদ জানান, শহরের সুলতানপুর বড় বাজারের এ দু’টি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ ভোজ্য তেল গোডাউনে জমা রেখে কৃত্রিম বাজার দর বৃদ্ধি করে। ফলে গত এক সপ্তাহে ভোজ্য তেলের দাম লিটার প্রতি পাইকারি থেকে খুচরা পর্যন্ত ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
 

প্রিন্ট

আরও সংবাদ