খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

সংসদ থেকে আবারও ওয়াকআউট করল বিরোধী দল

খবর প্রতিবেদন |
০৬:৩৫ পি.এম | ০৯ এপ্রিল ২০২৬

 

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও গণবিরোধী বিল পাস করা হয়েছে। এসব বিলের দায় আমরা নিতে চাই না। তাই আমরা ওয়াকআউট করছি।’

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি।

বিরোধীদলের নেতা ওয়াকআউট ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান।  এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।

এর আগে জেলা পরিষদ (সংশোধিত) এবং পৌরসভা (সংশোধিত) বিল কণ্ঠভোটে পাস হয়। এ দিন জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস করা হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে নয়টি বিল পাস করা হয়েছে। পাশাপাশি অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়।

এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ পাস করা হয়।

একইভাবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬-ও পাস হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ