খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট, শরিফুলের একটি

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৭ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


পিএসএল অভিষেকে খরুচে বোলিংয়ের পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না নাহিদ রানা। পরের ম্যাচেই গতির ঝড় তুলে দুর্দান্ত বোলিং উপহার দিলেন তিনি। আঁটসাঁট বোলিং করলেন বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামও। বিশাল জয় পেল তাদের দল।

করাচি কিংসের বিপক্ষে পেশাওয়ার জালমির জয় ১৫৯ রানে। তাদের ২৪৬ রানের জবাবে ৮৭ রানেই গুটিয়ে গেছে কিংস।

চার ওভারে এক মেডেনে স্রেফ ৭ রানে ৩ উইকেট নিয়ে জালমির সফলতম বোলার নাহিদ। তার ২৪ বলের ২০টিতেই ব্যাটে রান নিতে পারেননি ব্যাটসম্যানরা।

অফ স্পিনে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইফতিখার আহমেদও নেন ৩ উইকেট, ৯ রানে।

তিন ওভারে ২৩ রান দিয়ে ডেভিড ওয়ার্নারের উইকেট নেন শরিফুল। তিনটি ওভারই করেন তিনি পাওয়ার প্লেতে।

দারুণ এক সেঞ্চুরিতে ম্যাচের সেরা কুসাল মেন্ডিস। ১৪ চার ও চার ছক্কায় ৫২ বলে ১০৯ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বাবর আজম।

প্রথম ওভারে মুহাম্মাদ ওয়াসিমকে বিদায় করেন ইফতিখার। পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে দুর্দান্ত ডেলিভারিতে ওয়ার্নারকে ফেরান শরিফুল। গতিময় ব্যাক অব লেংথ ডেলিভারি খেলবেন নাকি ছেড়ে দেবেন, তা বুঝে ওঠার সময় পাননি বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের ওপরের দিকে লেগে বল চলে যায় অফ সাইডে। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ফারহান ইউসুফ।

এই ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি পেয়ে দেশে ফিরে সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ওয়ার্নার। এ দিন তিনি আউট প্রথম বলেই।

নিজের প্রথম ওভারে স্রেফ ৪ রান দেওয়া শরিফুল দ্বিতীয় ওভারে হজম করেন দুটি বাউন্ডারি। এই ওভারে দেন ১১ রান।

পঞ্চম ওভারে বোলিং পান নাহিদ। তার প্রথম চার বলে রানই নিতে পারেননি আজম খান। পঞ্চম বলে নেন সিঙ্গল। ওভারে রান ওই একটিই।

পাওয়ার প্লের শেষ ওভারে শরিফুলের প্রথম বলে দুই রান নেন আজম। পরের চার বলে রান নিতে পারেননি তিনি। শেষ বলে অবশ্য ছক্কা মারেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

ইনিংসের সপ্তম ও নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান নাহিদ। শর্ট বল পুল করার চেষ্টায় ওপরে তুলে দেন সাদ বেগ। নিজেই ক্যাচ নেন বোলার। এই ওভারে শেষ বলে চার মারেন মইন আলি, রান আসে সব মিলিয়ে ৬।

নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিংস। ১৪তম ওভারে বোলিংয়ে ফেরানো হয় নাহিদকে। এবার কোনো রান না দিয়ে খুশদিল শাহ ও অ্যাডাম জ্যাম্পার উইকেট নেন তিনি। শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন খুশদিল, বোল্ড হন জ্যাম্পা।

নিজের কোটার শেষ ওভারে কেবল এক রান নিয়ে বোলিং শেষ করেন নাহিদ।

আগের দিন পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন নাহিদ।

আসরে শরিফুল তার আগের দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ