খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


নগরীতে সক্রিয় একটি অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 
গ্রেফতারকৃতরা হলেন রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি বাটন মোবাইল ফোন এবং ১টি এইচপি ল্যাপটপসহ মোট ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া ৮৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। 
পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সংঘবদ্ধভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতেন। একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে লেনদেন পরিচালনা করতেন। 
পুলিশ আরও জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে নগরীতে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। তাদের কার্যক্রমের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

প্রিন্ট

আরও সংবাদ