খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

কয়রা প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


কয়রায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ উপেন মৃধার (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) নামে দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে আড় পাঙ্গাসিয়া নদীতে উপেন মৃধা ও বিকেলে মুকেন্দ মন্ডলের লাশ নদীর তীরে ভেসে উঠলে স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দিলে নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 
নিহত দুই জেলে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে শাকবাড়িয়া নদী ও সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নিখোঁজের পর টানা দুই দিন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল­াহ আল বাকি। 
আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, টানা দুই দিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ ভাবে ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা ভাসমান অবস্থায় আড় পাঙ্গাসিয়া নদীতে জেলেদের লাশ দেখে খবর দিলে তাদের উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উলে­খ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রার শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রিন্ট

আরও সংবাদ