খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৭ চৈত্র ১৪৩২

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০৫:৫২ পি.এম | ১০ এপ্রিল ২০২৬


খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে র‍্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত ৷

প্রিন্ট

আরও সংবাদ