খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৭ চৈত্র ১৪৩২

হজ্জ এজেন্সি ব্যবসায় যুক্ত হলেন জাতীয় দলের দুই ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৯ এ.এম | ১১ এপ্রিল ২০২৬


হজ্জ এজেন্সি ব্যবসায় অনেক আগেই নাম লেখালেও এবার বৃহৎ পরিসরে যাত্রা শুরু করলেন জাতীয় দলের দুই ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও মোঃ মৃত্যুঞ্জয় চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের আরএন রোডে ‘ফ্লাই রিহলার’ নামে হজ্জ এজেন্সির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধন অনুষ্ঠানে এই দুই ফাস্ট বোলারের সঙ্গে এদিন যোগ দেন আরেক ফাস্ট বোলার এবাদাত হোসেনও। দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করেন যশোরের দারুল আরকাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল মান্নান কাসেমী।
‘ফ্লাই রিহলার’ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব জানান, হজ্জ ও ওমরা শুধুমাত্র একটা সফর না। মানুষের হৃদয়ে গভীর আকাক্সক্ষা। আল্লাহর ঘরের যাওয়ার জন্য সকল মুসলিমের স্বপ্ন থাকে। জাতীয় দলের ক্রিকেটার হয়ে আমার কাছে অনেক ব্যবসার অপসন ছিলো কিন্তু মানুষের স্বপ্নের জায়গায় পৌঁচ্ছে দিতে এ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। এটা শুধু একটা ব্যবসা না দাওয়াতের সেক্টর। যখন ভাবি আমাদের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে- একটি মানুষের স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে পারবো। আল্লাহ ঘরে যাবতীয় কাজের দাযিত্ব আমাদের। এর থেকে বড় প্রাপ্তি অন্য কোন সেবা হতে পারে না।
আরেক ফাস্ট বোলার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মৃত্যুঞ্জয় চৌধুরী জানান, হজ্জ এজেন্সিগুলোর অনিয়ম, প্রতারণা, বাড়িভাড়া জটিলতা এবং ভিসা সংক্রান্ত গাফিলতির কারণে প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার শিকার হন। হজ্জ গমন ইচ্ছুক যাত্রীদের মানসম্মত সেবা দানের নিশ্চিয়তা দিতেই ‘ফ্লাই রিহলার’ যাত্রা শুরু হয়েছে। ঢাকা, যশোর ও ঝিনাইদহ শাখা রয়েছে আমাদের। দ্রুত সিলেট ছাড়াও বাংলাদেশের সকল জেলায় ‘ফ্লাই রিহলার’ যাত্রা শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মুদাররেসীন সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, যশোর মহিলা আলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইসলামী ব্যাংক যশোর শাখার ম্যানেজার জামিনুর রহমান, লেকচারার, আল ফিকহ ও আকিদা বিভাগ, আসসুন্নাহ ট্রাস্ট ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর খালিদ আব্দুল্লাহ মাদানি প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ