খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

রাজঘাট জেজেআই গেটের সামনে সমাবেশ ও মানববন্ধন

পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু, খেলার মাঠ-সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১১ এপ্রিল ২০২৬


লিজ প্রক্রিয়া বাতিল করে পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু, শ্রম আইন অনুযায়ী বকেয়া পরিশোধ, জে জে আই জুট মিলের খেলার মাঠ, স্কুল, মসজিদ ও সড়ক এলাকাবাসীর জন্য উন্মুক্ত, পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ যশোর-খুলনার সদস্য সচিব ও গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলা সদস্য সচিব সামস সারফিন সামন এবং ছাত্রনেতা আনিস ও কাইউমের ওপর ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে রাজঘাটে শুক্রবার বিকালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ খুলনা-যশোর এর আহ্বায়ক জাকির হোসেন। সঞ্চালনা করেন পর্ষদের সদস্য সচিব সামস সারফিন সামন।
সমাবেশে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বিএনপির খালিশপুর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের উপদেষ্টা নূরুল ইসলাম, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা কমিটির আহবায়ক  মোঃ মোশারেফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, শ্রমিকনেতা মো অলিয়ার রহমান, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলার নেত্রী নাদিরা খাতুন, শ্রমিকনেতা আমীর ফয়সাল, ছাত্র শক্তি যশোর জেলা যুগ্ম আহ্বায়ক নাঈম উদ্দীন। 
বক্তারা বলেন, ২০২০ সালের ২ জুলাই সারাদেশে ২৬ টি রাষ্ট্রায়ত্ব পাটকল একযোগে বন্ধ করে দেয় তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী সরকার। এতে করে প্রায় ৩ কোটিরও বেশি পাটকলশ্রমিক, তাদের পরিবার পরিজনসহ পাটসংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারা হয়। তীব্র আর্থিক সংকটের কারণে বৃদ্ধ পিতা-মাতা-স্ত্রীর চিকিৎসা খরচসহ সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়ে ছিলো। ফলে সাধারণ পাটকলশ্রমিকরা রাজপথের আন্দোলন করতে বাধ্য হয়ে ছিলো। রক্তে রঞ্জিত করতে হয়ে ছিলো রাজপথ। 
বক্তারা আরও বলেন, পাটকল আন্দোলন চলাকালীন জেজেআই জুটমিলসহ অন্যান্য জুটমিলে তামাসহ মূল্যবান যন্ত্রপাতি পাচার হওয়া শুরু। শুধু এই পাটকল নয়, খালিশপুর অঞ্চলের পাটকলগুলোতেও নজিরবিহীনভাবে পাচার অব্যাহত আছে। সেইসাথে খেলার মাঠ ও সরকারি রাস্তা দখল করে রাখা, পরিবেশ রক্ষাকারী গাছ ধ্বংস করাসহ এলাকাবাসীকে নাগরিক সুবিধা বঞ্চিত করা চলবেনা। এসকল আন্দোলন করতে যেয়ে সামন গত বছর ডিবি দ্দারা গুম হয়েছিলেন। কিছুদিন আগে তিনি রাষ্ট্রীয় বাহিনী দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। এমনকি তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।

প্রিন্ট

আরও সংবাদ