খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী

যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই : প্রতিমন্ত্রী অমিত

তথ্য বিবরণী |
০২:২০ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরবাসীর জন্য আনন্দের সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর জেলা সফর করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলাশী খাল খনন/পুনঃ খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে যশোর ঐতিহাসিক জনসভায় মেডিকেল কলেজ হাসপাতালের ঘোষণা দিয়েছিলেন। সেই পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যশোরবাসী এখনও পায়নি। প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে শুধু মেডিকেল কলেজ হাসপাতাল নয়, যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। যে উন্নয়ন গত ১৫ বছর স্থবির হয়ে পড়ে ছিলো। এজন্য গণমাধ্যমসহ যশোরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। 
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকের যেন সেচের কোন ক্ষতি না হয়, তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজন মত জ¦ালানি প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা প্রতিদিনই পর্যবেক্ষণ করছি।
এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু হাসনাত মোঃ আহসান হাবীব, যশোর জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান, যশোর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ তলা হাসপাতালের ভবনটির ব্যয় ধরা হয়েছে ৬৬৭ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র হাসপাতালের ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। যা এ অঞ্চলের স্বাস্থ্যসেবার অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে যশোরবাসীর চিকিৎসা দুর্ভোগ নিরসন হবে। বর্তমানে জটিল অস্ত্রোপচার বা হার্টের সমস্যার জন্য এই অঞ্চলের মানুষকে যে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ যাত্রা করতে হয়, তা আর প্রয়োজন হবে না। এমনকি কম খরচে ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা যেমন ডায়ালাইসিস ও এমআরআই-এর মতো সেবা পাওয়া যাবে। পুরো প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে, যেখানে নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর যশোর জেলায় আসন্ন সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী শার্শার উলাশী খাল খনন/পুনঃ খনন স্থান পরিদর্শন, বিকেলে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাট বীজ বিতরণ, এডুকেশন চ্যারিটেবল এ্যান্ড হিউম্যানিটিরিয়ান অরগানাইজেসন (ইকো) এর উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। পরে যশোর জেলা বিএনপি’র যৌথ সভায় এবং সন্ধ্যায় স্থানীয় পত্রিকা ‘সুবর্ণভূমি’-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ