খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

খবর বিনোদন |
০১:৩৬ পি.এম | ১২ এপ্রিল ২০২৬

 

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।  আশার ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজারের তথ্য অনুসারে, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা।

অসুস্থতার খবর জানিয়ে আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আশা করছি, সবকিছু ভালো হবে। আমরা শিগগির ইতিবাচক খবর জানাব।’

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেছিলেন এই শিল্পী। ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র তিনি। কয়েক দশক জুড়ে তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে।

শনিবার আশা ভোঁসলে হাসপাতলে ভর্তি হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় মোদি বলেছিলেন, “আশা ভোসলেজি হাসপাতালে ভর্তি শুনে গভীর ভাবে চিন্তিত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাঁকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আশা ভোঁসলে ভারতীয় সংগীতের ইতিহাসে সবচেয়ে বহুমুখী ও দীর্ঘস্থায়ী কণ্ঠশিল্পীদের একজন। ১৯৪০-এর দশকে তাঁর ক্যারিয়ার শুরু হয়। শুরুটা ছিল সংগ্রামের। কারণ, বড় বোন লতা মঙ্গেশকর ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। প্রথম দিকে ছোট বাজেটের চলচ্চিত্রে গান গেয়ে নিজেকে টিকিয়ে রাখেন, কিন্তু ১৯৫০-এর দশকে সুরকার ওপি নায়ারের সঙ্গে কাজ করে তিনি আলাদা পরিচিতি পান। পরে আরডি বর্মণের সঙ্গে তাঁর কাজ ভারতীয় চলচ্চিত্র সংগীতে নতুন ধারা তৈরি করে, যেখানে আধুনিকতা, পাশ্চাত্য প্রভাব আর পরীক্ষাধর্মী সুরের মিশ্রণ দেখা যায়।

আশা ভোঁসলে প্রায় সব ধরনের গানেই স্বচ্ছন্দ—ক্ল্যাসিক্যাল, গজল, পপ, ক্যাবারে থেকে শুরু করে লোকগান পর্যন্ত। তাঁর কণ্ঠে ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইন আঁখো কি মস্তি’—এর মতো গানগুলো কালজয়ী হয়ে আছে।

তিনি হাজার হাজার গান রেকর্ড করেছেন, শুধু হিন্দি নয়, বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাষাতেও গান গেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলোর একটি—পদ্মবিভূষণও রয়েছে। সাত দশকের বেশি সময় ধরে সক্রিয় থেকে তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা শুধু মুহূর্তের বিষয় নয়, এটা একধরনের দীর্ঘস্থায়ী প্রভাব, যা সময়কে অতিক্রম করে টিকে থাকে।

প্রিন্ট

আরও সংবাদ