খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

কালীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার মাঝে পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি |
০৬:৪৮ পি.এম | ১২ এপ্রিল ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে ওসমান আলী (৪০) নামে এক হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা হলেও তার আদি বাড়ি মাহেশপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে উঠে ফেরি করে পণ্য বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাসস্ট্যান্ডে  শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় পেছন দিক থেকে আসা বাসের সঙ্গে সামনের বাসের মাঝখানে আটকে পড়েন ওসমান আলী। তিনি চিৎকার করলেও বাস দুটি গতি কমায়নি, বরং আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ