খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

বিয়ের জন্য সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের

খবর প্রতিবেদন |
০২:০১ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে তুরস্কের দূতাবাস বন্ধসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মুহুজি কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ায় দুই দশক ধরে উগান্ডা নিরাপত্তা নিশ্চিত করলেও বিভিন্ন বন্দর ও বিমানবন্দর প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে।
তিনি দাবি করেন, এই নিরাপত্তা সেবার বিপরীতে উগান্ডার পাওনা ১ বিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি তুরস্কের প্রতি ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন দাবি পূরণ না হলে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
তার পোস্টে তিনি আরও বলেন, তুরস্ক টাকা না দিলে প্রয়োজনে উগান্ডার পক্ষ থেকেও কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হবে এবং উগান্ডাবাসীদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলা উচিত।
বিতর্কিত ওই পোস্টে সেনাপ্রধান  ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে পবিত্র ভূমি রক্ষায় এক লাখ উগান্ডান সেনা পাঠানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
যদিও তার কিছুক্ষন পরেই পোস্টটি উগান্ডার সেনাপ্রধান এক্স থেকে ডিলিট করে দেন। 
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে এবং গরু উপহারের ঘোষণা দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ