খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

বাংলা নববর্ষ উপলক্ষে খুবিতে আল্পনা উৎসব

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


চৈত্র সংক্রান্তি-১৪৩২ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার ‘আল্পনা উৎসব’ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এবারের নববর্ষ উদ্যাপনের কর্মসূচিতে নতুন সংযোজন হিসেবে আল্পনা উৎসব অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্পনা মানুষের অন্তর্গত ভাবনা ও নান্দনিকতার বহিঃপ্রকাশ ঘটায়। এর মাধ্যমে উৎসবের আবহ আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
উৎসবে শিক্ষার্থীরা নিজস্ব সৃজনশীলতা দিয়ে বিভিন্ন রঙ ও নকশায় হাদী চত্বরজুড়ে আল্পনা অঙ্কন করে ক্যাম্পাসে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। ঐতিহ্যবাহী এই শিল্পচর্চা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের জন্ম দেয়।
এ সময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন কমিটির সভাপতি এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বাঙালি খেলা। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। 
আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় মেলার উদ্বোধন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রিন্ট

আরও সংবাদ