খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা

বেনাপোল প্রতিনিধি |
০২:২৪ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


দেশব্যাপী জ্বালানী তেল সরবরাহে বিঘœসহ সংকটের প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা পর্যন্ত। ফলে দেখা দিচ্ছে ট্রাক সংকট। এতে বাড়ছে দ্রব্যমূল্য। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে। ফলে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সরেজমিন বেনাপোল ট্রান্সপোর্ট এলাকায় গিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২৩ থেকে ২৪ হাজার টাকা। গত ১০ এপ্রিল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুণতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুণতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে করে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, এ কারণে উৎপাদিত পণ্যর দাম বেড়ে যাবে। তেলের পাশাপাশি ট্রাক সংকটেও অনেকে আমদানিকৃত পণ্য খালাস নিতে পারছেন না।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, বন্দরে দু’টি ইউনিয়নে প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন পণ্য খালাসের কাজ করে থাকে। গত ২ এপ্রিল থেকে তেল সংকটের অজুহাতে ট্রাক ভাড়া বৃদ্ধি করায় অনেকে আমদানিকৃত মালামাল খালাস নিচ্ছেনা। প্রতিদিন যেখানে ৭শ’ থেকে ৮শ’ ট্রাক পণ্য লোড আনলোডিং হতো এখন অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে আমাদের শ্রমিকদের পেটে হাত পড়বে। অনেকে বেকার হয়ে পড়বে। দ্রুত এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ট্রাক চালক আরিফ বিল্লাহ বলেন সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল মজুদ আছে। পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে যা পাওয়া যাচ্ছে তাতে দূর পাল্লার মালামাল পরিবহন করা দুস্কর হয়ে পড়ছে। এক সপ্তাহের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ট্রাক নিয়ে বাড়ি বসে থাকা ছাড়া উপায় দেখছি না।
আব্দুল মতিন  নামে আর এক চালক বলেন, আমার ট্রাকে কেমিক্যাল নিয়ে পাবনা যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুণতে হচ্ছে। মালিকের এই টাকা উঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে। ট্রাক ভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছেন মালিকপক্ষ। এখানে সাধারণ ব্যবসায়ীরা নিরূপায়।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু ডিজেলের কোন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়াতে পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।
বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান জানান দেশের সব চেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন এই বন্দর দিয়ে সাড়ে ৩শ’ থেকে ৪শ’ ট্রাক পণ্য আমদানি ও আড়াই থেকে ৩শ’ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। তেল সংকটের কারণে আমদানি-রপ্তানি পণ্য আমরা দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে পাঠাতে পারছি না। তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে গত এক সপ্তাহ থেকে ভাড়া বাড়িয়েছে ৭-৮ হাজার টাকা। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। তারা বলেছেন ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়ছে।
এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম-সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, বাজারে তেলের কোন সংকট নেই। কিছু অসাধু মানুষ তেলের মজুদ করছে। যে কারণে পাম্পগুলো গ্রাহক সামলাতে হিমশিম খাচ্ছেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাক ভাড়া বাড়িয়েছেন মালিকরা। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।
বেনাপোল শাহজালাল ফিলিং স্টেশনের পরিচালক ইয়ান আলী জানান, চাহিদা অনুযায়ী অর্ধেকও তেল পাচ্ছেন না তারা। যতটুকু পাচ্ছেন প্রশাসনের সহযোগিতায় সঠিক বন্টন করছেন।

প্রিন্ট

আরও সংবাদ