খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

নগরীর দৌলতপুরে খাল ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকাল থেকে নগরীর দৌলতপুর এলাকার বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার জন্য বর্ষা মৌসুমের পূর্বে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষে তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কিছু কাজ শেষ করতে হবে। একদিকে যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে অন্যদিকে বাজার ব্যবস্থাপনা ও বাজারে স্যনিটেশন ব্যবস্থাও আধুনিক করতে হবে। 
বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিদ্যমান সমস্যাসমূহ সামাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
কেসিসি প্রশাসক দৌলতপুর বাজার ও বাজার সংলগ্ন নদী, দৌলতপুর পাইকারী কাঁচা বাজার, পাবলা কারিকর পাড়া ড্রেন, বিজিবি’র অফিস সংলগ্ন ড্রেন ও ক্ষুদে খালের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপথ দখলমুক্ত রাখার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। 
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ মোসারেফ হোসেন, দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আসলাম, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ