খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

নাসুমের বকেয়া পারিশ্রমিক নিয়ে সিলেট টাইটান্সের বিবৃতি

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩৬ পি.এম | ১৩ এপ্রিল ২০২৬


বিপিএলের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন নাসুম আহমেদ। পুরো টুর্নামেন্টে খেললেও সম্পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসুম জানান তিনি এখনও ৩৫ লাখ টাকা পান সিলেট টাইটান্সের কাছে। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট টাইটান্স কতৃপক্ষ। তারা সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছে। সেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলোঃ

সিলেট টাইটান্সের বিবৃতি-
সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সিলেট টাইটান্সের ক্রিকেটার নাসুম আহমেদের বকেয়া পাওনা সংক্রান্ত কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদগুলোতে তথ্যের অসামঞ্জস্যতা থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রয়েছে। প্রকৃত সত্য তুলে ধরতে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ নিম্নোক্ত ব্যাখ্যা প্রদান করছে:

১. চুক্তিবদ্ধ পাওনা পরিশোধ: বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বি-ক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।

২. মৌখিক আলোচনা ও বোনাস সংক্রান্ত ব্যাখ্যা: নিলামের পূর্বে খেলোয়াড়ের সঙ্গে পারিশ্রমিক ও বোনাস নিয়ে কিছু মৌখিক আলোচনা হয়েছিল। সেখানে শর্ত ছিল যে, দল যদি চ্যাম্পিয়ন হয় তবে অতিরিক্ত বোনাস প্রদান করা হবে। যেহেতু দল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাই উক্ত মৌখিক বোনাস প্রদানের কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই। মূলত স্বাক্ষরিত চুক্তিপত্রের শর্তাবলী অনুযায়ীই সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে।

৩. চেক ও পেমেন্ট পদ্ধতি সংক্রান্ত স্পষ্টীকরণ: নাসুম আহমেদের বিশেষ অনুরোধে তার প্রাপ্য অর্থ নগদে সরাসরি পরিশোধ করা হয়েছে। তিনি ব্যাংকের মাধ্যমে না দেয়ার জন্য শুরুতেই অনুরোধ করেন। টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার খাতিরে অগ্রিম হিসেবে প্রদত্ত চেকগুলো অন্যান্য খেলোয়াড়রা পেমেন্ট বুঝে নিয়ে ফেরত দিলেও, নাসুম আহমেদ তা এখনো ফেরত দেননি। বিসিবি কার্যালয়ে উপস্থিত থেকে পাওনা বুঝে নেওয়ার দিনে তিনি অনুপস্থিত থাকায় এবং পরবর্তীতে বারবার অনুরোধ সত্ত্বেও উক্ত চেকগুলো ফেরত না দেওয়া অনভিপ্রেত।

সিলেট টাইটান্স সর্বদা খেলোয়াড়দের পেশাদারিত্ব এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, চুক্তি অনুযায়ী নাসুম আহমেদের যাবতীয় পাওনা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে ফ্র্যাঞ্চাইজির নিকট তাঁর কোনো অর্থ পাওনা নেই। আমরা আশা করি, এই বিবৃতির পর উক্ত বিষয়টি নিয়ে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

প্রিন্ট

আরও সংবাদ