খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না: বাণিজ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৫:০৫ পি.এম | ১৩ এপ্রিল ২০২৬

 

বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে। এর ফলে বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। এ সময় আসন্ন বাজেটে ট্যাক্স বাড়ানোর উদ্যোগ থাকলেও ব্যবসায়ীদের ওপর খড়গ থাকবে না বলেও উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭, বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।

মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিটুজি চুক্তির আওতায় যে এলএনজি আমার স্পট মার্কেট থেকে ১০ ডলারে কিনতাম, এখন সেটি কিনতে হচ্ছে ২০ ডলারে। যে ক্রুড অয়েল ৫০-৬০ ডলারে কিনতাম, সেটি এখন কিনতে হচ্ছে ১১৬ ডলারে। যে সার আমরা ৪৫৬ ডলারে কিনতাম, সেটা ৮০০ ডলারে কিনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে কোনোকিছুর স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নেই। আজকে যদি আমাদের কাছে ২ মাস রাখার মতো এলএনজির মজুদ থাকত তাহলে ১০ ডলারের এলএনজি স্পট মার্কেট থেকে ২০ ডলারে কিনতে হতো না। পৃথিবীর প্রতিটি দেশে আমদানিনির্ভর প্রতিটি পণ্যের স্ট্রেটেজিক রিজার্ভ আছে, শুধুমাত্র বাংলাদেশে নেই। আগামী দিনে আমরা এসব বিষয়ে কাজ করার পাশাপাশি প্রক্রিয়াগুলো আরও সহজ করতে কাজ করব।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউই যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সম্ভাবনা মাথায় নিয়ে সরকার গঠন করিনি। আমরা এটা জানতাম না যে, ১৫-১৬ দিন পরে এরকম একটা হ্যাভক (অরাজকতা) আসবে এবং হ্যাভকটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া দরকার।’

প্রিন্ট

আরও সংবাদ