খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

যশোরে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী

নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৫৯ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


পরীক্ষায় নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমি সারাদেশে ঘুরে মতবিনিময় করছি। আমার এই মতবিনিময়ে অনেকেই ব্যথিত-দুঃখিত আবার অনেকেই উৎসাহিত। তবে এমপি সাহেবরা আন্তরিক।
সোমবার দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ২০ বছর আগে যশোরে এসেছিলাম। তখন ২ ট্রাক গাইড উদ্ধার করেছিলাম। এখন হয়ত ২০ ট্রাক গাইড উদ্ধার করতে পারবো। পরিবর্তন হয়েছে এটুকুই। 
তিনি আরও বলেন, মুসলিম একাডেমি ভবন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। যারা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে, সেগুলো অপসারণে সংসদে ৭১ বিধিতে নোটিশ দেবেন এমপিরা।
পরীক্ষায় নকল করা প্রসঙ্গে তিনি বলেন, আজকের ছাত্র ও ছাত্রীরা নকল করলে আপনাদের দুর্বলতা। করোনার মত নকলের রূপ পালটিয়েছে। এখন ডিজিটালি হচ্ছে নকল। সমস্যা আমাদের মানসিকতায়।
শিক্ষামন্ত্রী বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মডেল অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা উচ্চস্তরে নিয়ে যেতে চাই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাত থেকে সাত হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে। 
শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষা ব্যবস্থায় সময়ের অপচয় রোধ, ডিজিটালি নকল বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোসহ বিভিন্ন বিষয়ে নতুন শিক্ষানীতি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের সকল  ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। আপনি নিজ গুণে নিজের ইচ্ছায়  শিক্ষকতা পেশায় এসেছেন। আপনাদের কাজ হলো মানবতার জন্য মানব সম্পদ তৈরি, কর্মদক্ষ জাতি তৈরি ও সামাজিক উন্নয়নের জন্য দেশকে প্রগতিশীল করা।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য এড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এতে স্বাগত বক্তৃতা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম।
সভায় বক্তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। এবছর যশোর বোর্ডে ২৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় যশোর শিক্ষা বোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাঁচ শতাধিক কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ