খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে একই সেমিনারে অব্যাহতির খবর পেলেন অধ্যাপক ড. আব্দুল মজিদ

যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. ইয়ারুল কবীর

খবর প্রতিবেদন |
০২:৩২ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ।
একই প্রজ্ঞাপনে যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এমন সময় তাকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যখন তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে একটি সেমিনারের উপস্থিত ছিলেন।
তাকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২১.১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ)নং শর্ত মোতাবেক অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি পূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীর, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-
শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহমান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (ওছঅঈ) আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ।

প্রিন্ট

আরও সংবাদ