খুলনা | বুধবার | ১৫ এপ্রিল ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মা ও ভাইবোন আহত

খবর প্রতিবেদন |
০২:৫২ পি.এম | ১৪ এপ্রিল ২০২৬

 

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে দিয়ার বাড়ির গাড়িচালক বিল্লাল হোসেন জানান, মুসা মিয়া নামের এক প্রতিবেশী পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায়। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দিয়ার পরিবারের সদস্যরা মুসা মিয়াকে ছুরিকাঘাত করে। এ সময় মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া, তার মা ও এক ভাই এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি।

বিল্লাল আরও জানান, নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী। তার বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুল শিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ