খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

খবর প্রতিবেদন |
০৬:০৪ পি.এম | ১৫ এপ্রিল ২০২৬

 

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৯৮ শিশুর।

হাম ও হামের উপসর্গ নিয়ে গত এক মাসে (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত) সারাদেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

আজ বুধবার (১৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম ও হামের উপসর্গ নিয়ে তিন জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, দেশজুড়ে হামের প্রকোপ বাড়ায়  ৪ সিটি করপোরেশন ও ৩০ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। ধীরে ধীরে সারাদেশে এই কর্মসূচি বিস্তার লাভ করবে।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট

আরও সংবাদ