খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

‘৬ জুলাই পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস’

ফিরলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

খবর প্রতিবেদন |
১১:০৫ পি.এম | ১৬ এপ্রিল ২০২৬


প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা  বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে রাতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে নাসিমুল গণি বলেন, সিদ্ধান্ত হয়েছে ৭ নভেম্বরকে আগের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটা একটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হবে।
তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে।’
‘ক’ শ্রেণিভুক্ত দিবস হওয়ার কারণে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আগে ছিল, এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এটি করা হয়নি।
এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সোলার প্যানেল নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বতী সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এটার সবশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো নিয়মের ভেতরে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা চলছে।’আগামী ২০৩০ সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে জানিয়ে নাসিমুল গণি বলেন, ‘এই লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, ‘সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেল কত সহজে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে। যে সমস্ত জায়গায় পাম্প থেকে জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’
সরকারের চেষ্টার পরও সংকট কাটছে না কেন এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জ্বালানি নিয়ে প্রত্যেকের মধ্যে ব্যবসা করার মনোভাব এসে গেছে। ভাবছে-আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি। যতক্ষণ অসমান লেভেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে।’

প্রিন্ট

আরও সংবাদ