খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

খুলনার দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক |
১১:২৫ পি.এম | ১৬ এপ্রিল ২০২৬


বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে মোঃ সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিস লাইনের সংযোগের কাজ করতেন। এ ঘটনায় স্বাধীন (১৮) ও নিরব (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলাকারী ও হতাহত উভয় একই বয়সী। তারা একে-অপরের বন্ধু। গত দু’দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বিরকে পেয়ে পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ছুরিকাহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে স্বাধীন ও নিরবের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত সাব্বিরের বাবা মোস্তফা জানায়, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার একটু পরে বাড়িতে ফিরে আসে। খাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে আড্ডার জন্য বাড়ির পাশে একটি দোকানে অবস্থান করে। তিনি বাড়ি থেকে বাজারে যান। সেখানে সাব্বিরের এক বন্ধু তাকে জানায়, ছেলেকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। সেখান থেকে সাইকেল চালিয়ে হাসপাতালে আসেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি জানতে পারেন, সেখান থেকে সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে। সাব্বির স্থানীয় একটি ডিশ লাইন প্রতিষ্ঠানে চাকরি করত। আজও (বৃহস্পতিবার) সে সেখানে ডিউটি করেছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়, এতে তিনি নিহত হন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে, প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

প্রিন্ট

আরও সংবাদ