খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি দমনে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদ তদন্ত করবে নেপাল

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


নেপালে দুর্নীতি নিয়ন্ত্রণে অতীত ও বর্তমান রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ তদন্তে একটি প্যানেল গঠন করেছে নতুন সরকার। র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার এই উদ্যোগ নিয়েছে। ৩৫ বছর বয়সী শাহ তার দল আরএসপি-এর বড় জয় অর্জনের পর ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। এই নির্বাচনটি গত বছরের ‘জেন জেড’ দুর্নীতিবিরোধী আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট ছিল।
সরকার জানিয়েছে, পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি রাজেন্দ্র কুমার বান্দেরি।
মন্ত্রিপরিষদের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, প্রমাণ ও আইনি মানদণ্ডের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করা হবে। তদন্তের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে প্যানেলটির কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ২০০৮ সালে ২৩৯ বছরের রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে যেসব রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তাদের শতাধিক ব্যক্তির সম্পদ এই তদন্তের আওতায় আসতে পারে।
এর আগে রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে তিন বছর দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন শাহ।
তার দল আরএসপি নির্বাচনী প্রতিশ্র“তির অন্যতম প্রধান বিষয় হিসেবে দুর্নীতি দমনকে তুলে ধরে, যার ফলেই তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলগুলোর ওপর বড় জয় পায়।

প্রিন্ট

আরও সংবাদ