খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

শাস্তির আওতায় আসছেন জাল সনদধারী ৪৭১ শিক্ষক

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


জাল ও ভুয়া সনদ ব্যবহার করে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৪৭১ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে এসব শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।  বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব ভুয়া সনদধারী শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে। 
চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় নিরীক্ষাক্রমে স্কুল ও কলেজের শনাক্তকৃত ৪৭১ জন জাল বা ভুয়া সনদধারীর তালিকা বিস্তারিত তথ্যসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য এ বিভাগে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫ অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪৭১ জন জাল বা ভুয়া সনদধারী তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে নির্দেশনা মাউশিতে পাঠানো হয়েছে। তাদের এমপিও বাতিলসহ চাকরিকালে গ্রহণ করা বেতন-ভাতাও ফেরত নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ