খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

মৌসুমের প্রথম কালবৈশাখীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


বৃহস্পতিবার  সকালে রোদ্রজ্জল আবহাওয়া ছিল। বেলা বাড়ার সাথে-সাথে ভ্যাপসা গরম আধিপত্য বিস্তার শুরু করেছিল। দুপুর সাড়ে ১২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছিল। হঠাৎই প্রকৃতিতে সূর্যের আলো আস্তে-আস্তে উবে যেতে শুরু করে। শুরু হয় ঝড়ো হাওয়া। সাথে ছিল মেঘের গর্জন। আকাশে মেঘ ভাসছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। দুপুর একটার পর থেকেই গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ২টার দিকে কিছু সময়ের জন্য যেন সন্ধ্যা নেমে এসেছিল। তখন পুরোদমে বর্ষণ হচ্ছিল। মৌসুমের প্রথম কালবৈশাখীতে সৃষ্ট আকস্মিক পরিস্থিতিতে জনসমাগম স্থল থেকে মানুষ দ্রুত নিরাপদ স্থানে ছুটছিলেন। বিকেল ৩টার পর বৃষ্টি কমলেও সূর্য তেজ হারিয়েছিল। দিনের তাপমাত্রা কমে গিয়েছিল। গরম কেটে যেয়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছিল।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৈশাখের গরমের কারণে আকাশে বজ্র মেঘের সৃষ্টি হয়। যে কারণে এই ঝড়-বৃষ্টি। জলবায়ুর কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। 
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সময়ের খবর’কে বলেন, দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি লেসিয়াস থেকে এক/দেড় থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। ঝড়ো হওয়ার স্থায়ীত্বকাল দুই মিনিটের মতো হলেও ঘন্টায় গতিবেগ ছিল ১৫ কিলোমিটার। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবারও আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ