খুলনা | শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩

খুতবা চলাকালে মসজিদে লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু

খবর প্রতিবেদন |
০৬:৫২ পি.এম | ১৭ এপ্রিল ২০২৬

 

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে এসে আসলাম হোসেন (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। আসলাম শহরের নতুন বাবুপাড়া এলাকার সিংগি পুকুর মহল্লার বাসিন্দা। শহরের বিভিন্ন জায়গায় তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হন। মসজিদে তখন খতিবের বয়ান চলছিল। এ সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করে মসজিদের মেঝেতে পড়ে যান। উপস্থিত মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মনতাসিম বিল্লাহ বলেন, জুমার বয়ান চলাকালেই ঘটনাটি ঘটে। মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অবধারিত। তবে জুম্মার মতো পবিত্র দিনে, আল্লাহর ঘরে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা নিঃসন্দেহে এক বিশেষ সৌভাগ্যের বিষয়। এশার নামাজের পর সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ