খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

মেহেরপুরে স্কুল ছুটির পর টয়লেটে আটকা শিক্ষার্থী

মেহেরপুর প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১৭ এপ্রিল ২০২৬


মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটের ভেতর এক শিক্ষার্থীকে তালাবদ্ধ রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী সাদিয়া ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং শহরের স্টেডিয়াম পাড়ার মনিরুল ইসলামের মেয়ে। 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে স্কুল ছুটি হলে শিক্ষক ও কর্মচারীরা ভবন তালাবদ্ধ করে চলে যান। এ সময় সাদিয়া টয়লেটে থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। স্কুল ভবনের মূল ফটক ও কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় সে ভেতরে আটকা পড়ে। দীর্ঘ সময় একা অন্ধকারে থেকে ভয়ে ও আতঙ্কে শিশুটি চিৎকার ও কান্না শুরু করে। স্কুলের পাশে সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারীরা ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে ভিড় জমান। পরে নির্ধারিত সময়ে মেয়ে বাড়ি না ফেরায় বাবা মনিরুল ইসলাম স্কুলে খোঁজ নিতে এসে বিষয়টি জানতে পারেন। এরপর খবর পেয়ে শিক্ষিকা লিনা ভট্টাচার্য চাবি নিয়ে ঘটনাস্থলে পেঁৗঁছান। 
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবিনা খানম বলেন, মেয়েটি সাধারণত নিচতলায় ক্লাস করে। ছুটির পর সবার অজান্তে সে দোতলার শিশু কক্ষে খেলতে চলে যায়। এদিকে স্কুল ছুটি হয়ে যাওয়ায় সে নিজেও বিষয়টি খেয়াল করেনি, অন্যরাও বুঝতে পারেনি। 
এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে বিদ্যালয়ে ছুটে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। ইউএনও বলেন, একটি ছোট শিশু স্কুলের ভেতরে তালাবদ্ধ থাকা অত্যন্ত দুঃখজনক। শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির। তবে প্রধান শিক্ষক বা সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রিন্ট

আরও সংবাদ