খুলনা | শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩

৪৮তম বিশেষ বিসিএস : স্থগিত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ১৮ এপ্রিল ২০২৬


৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। তবে স্থগিত থাকা অবশিষ্ট ২৪ প্রার্থীর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের বিষয়ে পরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রার্থীদের প্রয়োজনীয় বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল) সনদ না থাকায় তাদের প্রার্থিতা ও ফলাফল স্থগিত রাখা হয়েছিল। পরে নথিপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে কমিশন ১৯০ জনকে ক্যাডার পদে যোগ্য বিবেচনা করে এই মনোনয়ন দিয়েছে।
সাময়িকভাবে মনোনীত এই প্রার্থীদের এখন স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া শেষে তাদের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে পিএসসি।
 

প্রিন্ট

আরও সংবাদ