খুলনা | শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩

রূপসায় চায়ের দোকানী হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

রূপসা প্রতিনিধি |
০১:৪৬ এ.এম | ১৮ এপ্রিল ২০২৬


রূপসায় মাংস বিক্রির ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানী দ্বীন মোহাম্মদ হত্যা মামলার আসামী আবুল খায়েরকে গ্রেফতার করেছে খুলনা পিবিআই। গত ১৬ এপ্রিল রাতে যশোর কোতোয়ালী থানাধীন উপ-শহর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য গত ১৭ মার্চ বিকেলে মাংস বিক্রির ৪০০ টাকা চাওয়া নিয়ে রূপসার আনন্দনগর ভবানীপুর এলাকার আবুল খায়ের লস্করের (৫৫) সাথে ভবানীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ ঢালীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ইট উঠিয়ে আসামী আবুল খায়ের দ্বীন মোহাম্মদকে মাথায় স্বজরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন মোহাম্মদ ঢালী ঐদিন রাতে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় রূপসা থানায় হত্যা মামলা রুজু হয়। আসামি আবুল খায়ের লস্কর ঘটনাস্থল হতে তখনই পালিয়ে যায়। আবুল খায়ের অত্যন্ত ধুরন্ধর এবং চালাক প্রকৃতির হওয়ায় সে কোন মোবাইল ফোন ব্যবহার করত না এবং নিজের পরিবারসহ এলাকার কারো সাথে কোন যোগাযোগ রাখত না। এমতাবস্থায় পিবিআই, খুলনার চৌকস দল ৩০ দিনের ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে আবুল খায়েরকে  গত ১৬ এপ্রিল রাতে যশোর উপ-শহর এলাকা হতে গ্রেফতার করে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল খায়ের জানায়, ঘটনার পর থেকে সে আত্মগোপনে চলে যায় এবং নড়াইল জেলায় ইটের ভাটায় কাজ করতে থাকে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল যশোর উপশহরে তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্মগোপনে থাকে। আবুল খায়ের দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ