খুলনা | শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩

কোস্ট গার্ডের অভিযানে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্রসহ বনদস্যু আটক

মোংলা প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ১৮ এপ্রিল ২০২৬


অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “ম্যানগ্রোভ শীল্ড” নামে পৃথক অভিযানে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানান, “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বর্তমানে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে সুন্দরবনের মুর্তির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই খালের মধ্যে ১টি কাঠের নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপর দিকে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা বনের হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ডাকাত তরিকুল (৩৫) কে আটক করে। সেখানে তল্লাশী করে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ডাকাত তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ বনদস্যু দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
গত ১৫ এপ্রিল রাতে বরইতলা টহল ফাঁড়ি সংলগ্ন শুয়োরমারা খালে মাছ ধরতে গিয়ে বনদস্যু করিম শরিফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে বেশ কয়েকজন জেলে মুক্তিপনের দাবিতে অপহৃত হয়। ডাকাতরা জেলেদের অন্য খালে নিয়ে তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালাচ্ছে বলে জানায় জেলেরা।
বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন জানান, আটক ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন সম্পূর্ণরুপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রিন্ট

আরও সংবাদ