খুলনা | রবিবার | ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩

খালার লাঠির আঘাতে ভাগিনা নিহত

চিতলমারী প্রতিনিধি |
০৬:৩৮ পি.এম | ১৮ এপ্রিল ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে খালার লাঠির আঘাতে মোঃ হোসেন শেখ নামে এক মাস বয়সের এক শিশু নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সাবোখালী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন শেখ মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের শেখ সাইফুল ইসলাম মধুর ছেলে। এ ঘটনায় নিহতের মা ইয়াছমিন আক্তার ময়না বাদী হয়ে শনিবার (১৮ এপ্রিল) থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ইয়াছমিন আক্তারের (মামলার বাদী) বোন মোছাঃ ফাতেমা আক্তার (৪০) ও ভাই মোঃ ইয়াছিন শেখকে (২৫) আসামী করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামী ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে বাদী ইয়াছমিন আক্তার ও তাঁর স্বামী সাইফুল ইসলামের সাথে আসামী ফাতেমা আক্তার এবং ইয়াছিন শেখের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এদিন বিকেলে ফাতেমা আক্তার এবং ইয়াছিন শেখ হাতে লাঠি নিয়ে ঘরে ঢুকে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এক পর্যায়ে ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখের লাঠির আঘাতে পিতার পাশে শুয়ে থাকা শিশু হোসেন শেখ গুরুতর আহত হয়। আহত হোসেন শেখকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, নিহত শিশু মোঃ হোসেন শেখের মা ইয়াছমিন আক্তার ময়না বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ